স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে তারানগর ইউনিয়নের চন্ডিপুরের গোয়ালবাড়ি এলাকায় বিষধর সাপের কামড়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই স্কুল ছাত্রের নাম মো. আলসান হোসেন (৫)। তার বাবার নাম মো. লোকমান হোসেন। নিহত শিশু চন্ডিপুর উদয়ন কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপের ছাত্র ছিল। তবে নিহত ছাত্রের পরিবারের অভিযোগ আটি বাজারের আয়শা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে।
নিহত ছাত্র আলসান হোসেনের বাবা লোকমান হোসেন আরও জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে আলসান ঘরের ভিতর মাটির মেঝের উপর খেলা করছিল। এক পর্যায়ে সে ঘরের ভিতর ইদুরের গর্তের কাছে গেলে হঠাৎ গর্তের ভিতর থেকে এক বিষধর সাপ তার ছেলের বাম পায়ের হাঁটুর নিচে কামড় দেয়। এতে তারা সঙ্গে সঙ্গে ছেলের বাম পায়ের হাঁটুর উপর গামছা দিয়ে শক্ত করে বেঁধে তার ছেলেকে আটি বাজার আয়শা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসকগণ তার ছেলের সাপে কাটা জায়গায় ডেটল দিয়ে মুছে দিয়ে হাঁটুর উপরে গামছার বাঁধন খুলে দেন। এতে সঙ্গে সঙ্গেই তার ছেলে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
অবস্থার অবনতি দেখে সে তার ছেলেকে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তিনি ওই হাসপাতালটির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এব্যাপারে আয়শা মেমোরিয়াল হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
