কেরানীগঞ্জে কর্মহীন মানুষের ঘরে ঘরে জেলা যুবদল সভাপতির খাদ্যসামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে কর্মহীন অসহায় খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পল বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের কর্মহীন ১২’শ পরিবারের ঘরে ঘরে এসব বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি তেল ও ১ কেজি লবন। এসময় প্রতিটি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।

এ ব্যাপারে ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবীর পল জানান, করোনা ভাইরাসের কারণে দেশের সবকিছুই এখন বন্ধ রয়েছে। রাজধানী ঢাকাসহ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নেও চলছে লকডাউন। এতে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন যাপন করছে।

তাই তারা এসব অসহায় কর্মহীন মানুষকে ঢাকা জেলা যুবদলের পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করার জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। দলের অন্যান্য বিত্তবান নেতা-কর্মীদেরও এসব অসহায় কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য তিনি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *