মো. সুজন হোসেন, বিশেষ প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে গোপাল দাস (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জয়পাড়া বাজারের কাঠপট্টিতে এ ঘটনা ঘটে। আহত গোপাল দাস লটাখোলা বিলের পাড়ের কানাই দাসের ছেলে।
আহত গোপাল দাসকে স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জয়পাড়া বাজারের কাঠপট্টিতে মাদক সংক্রান্ত বিরোধের জেরে দীপ ও জয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে সেখানে উপস্থিত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে বিরোধ মিটিয়ে দেন। ওই ঘটনার জের ধরে শনিবার দুপুরে জয়, শামীম, রায়হান, মারুফসহ আরও কয়েকজন দীপকে না পেয়ে তাঁর চাচা ফার্নিচার ব্যবসায়ী গোপাল দাসকে দোকান থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করেন।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
