এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়। মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মাওয়া শিমুলিয়া ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় এক্সপ্রেসওয়েতে পাঁচ শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
