এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে অবৈধ ড্রেজার দিয়ে সরকারি সম্পত্তি ভরাটকালে ড্রেজার ভাঙ্গায় ভূমি অফিসের দুই কর্মচারীকে মারধর ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ ও সদস্য অনিক ইসলাম অভির বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার (২৩সেপ্টেম্বর) শ্রীনগর থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়।
জানাযায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা রবি টাওয়ার সামনে অবৈধভাবে সরকারি জমি ভর করেছিল যুবদলের এই দুই নেতা। এঘটনা রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি-উপ সহকারী আরিফ হোসেন খান বাদী হয়ে উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে যার নম্বর ২১(৯)/২৬।
অভিযোগ সুত্রে জানা যায়, শ্রীনগর-দোহার সড়কের দামলা রবি টাওয়ার সামনে সরকারি খালের সম্পত্তি অবৈধ ড্রেজার দিয়ে ভরাকালে শ্রীনগর সহকারী কমিশনারের নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপ-সহকারী আরিফ হোসেন খান সঙ্গীয় ভূমি অফিসের পিয়ন সুজনকে নিয়ে অবৈধ ভরাট কাজ বন্ধ করতে বলায় যুবদলের দুই নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি তাদের সরকারি কাজে বাধা প্রদান করে। এসময় দুই কর্মচারীসহ অটো চালক সোহেলকে এলোপাথারী মারধর করে আহত করে। পুণরায় বাধা দিলে ভূমি অফিসে গিয়ে আহতদের খুন জখম করে বলে হুমকি প্রদান করে।
সংবাদ পেয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে অবৈধ ড্রেজার বিনষ্ট করে দেয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা জানান, ঘটনা বিষয়ে থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।
