সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোঃ হাসান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকার কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদ্রাসা সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান হেফজ বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সে ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা মোঃ বাবুল শেখের ছেলে। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হাসান মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা পুকুর থেকে উঠে এলেও হাসানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে দুপুর ১টার দিকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত তাকে ইছাপুরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে ঢাকার উত্তরা এলাকার উদ্দেশ্যে রওনা হন। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
