এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৬ মিনিটের দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে বেজগাঁও যাত্রীছাউনির পাশে ওই নারীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
শ্রীনগর ফায়ার স্টেশনে খবর পেয়ে দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আহত নারীর নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক পার হওয়ার সময় কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়ে থাকতে পারেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহাসড়ক পারাপারের সময় পথচারীদের সতর্ক থাকার এবং সম্ভব হলে নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
