নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার চৈতাবাতর এলাকায় সাদিয়া আক্তার স্বর্ণা (২৮) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া আক্তার স্বর্ণা উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকার সুলতান আহম্মেদ বেপারীর মেয়ে এবং সৌদি প্রবাসীর শাহাদাতের স্ত্রী এবং তার সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে সাদিয়া আক্তার স্বর্ণাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না দিলে। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
