সংস্কারের অভাবে দুই উপজেলার সংযোগ রাস্তার বেহালদশা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর-সিরাজদিখান উপজেলার সংযোগ রাস্তা দীর্ঘদিনেও সংস্কারের অভাবে রোগী, ছাত্রছাত্রীসহ জনচলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে না পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে রোগী, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীসহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার হাসাড়া ও শেখরনগর দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রাস্তাটি হাসাড়া ইউনিয়নের আলমপুর বাজার হতে শেখরনগর ইউনিয়নের দক্ষিনহাটি হয়ে শেখনগর শ্রী শ্রী কালী মন্দিরের সামনে পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল দশা। এতে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল, কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের করা ইট সলিং রাস্তার মাঝে মাঝে ইট সলিং উঠে গিয়ে খানাখন্দসহ বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। এতে স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীসহ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে রোগীদের যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টির ছিটাফোঁটা পড়লেই এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
আলমপুর এলাকার বাসিন্দা জামাল জানান, আমি স্ট্রোকের রোগী। আমার প্রায় সময় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। রাস্তার এই অবস্থা দেখে অটোরিকশা চালক আমাদের নিয়ে যেতে চায় না। আর দুয়েকজন চালক যেতে চাইলে তাদের দিতে হয় দ্বিগুণ ভাড়া।
অটোচালক সাগর জানান, রোগীদের এই রাস্তা দিয়ে অটোরিকশা যোগে নিতে যেতে পারি না। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের অটোরিকশারও অনেক ক্ষতি হয়ন এবং অনেক সময় লাগে। রাস্তাটি মেরামত হলে তাড়াতাড়ি যাত্রীদের বাড়িতে পৌঁছে দিতে পারি।

হাসাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কার্তিক দাস বলেন, এই রাস্তাটি আমরা ইউনিয়ন পরিষদের বরাদ্দে যতটুকু পারছি করেছি। এখন জেলা পরিষদের কিংবা এমপির বরাদ্দে করতে হবে। রাস্তাটি দুই ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে শত শত ছাত্রছাত্রী হাইস্কুল, প্রাইমারির স্কুলে ও হাজার হাজার রোগীরা সেবা নিতে হাসপাতালে যাতায়াত করে থাকে। তাই রাস্তাটি সংস্কার হওয়া খুবই জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *