‘শয়তানের নিশ্বাস’ দিয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতির ছেলেকে অপহরণের চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের ছেলে রবিউজ্জামান সিফাতকে (২৩) কৌশলে ইজিবাইকে তুলে শয়তানের নিশ্বাস’ দিয়ে অচেতন করে অপহরণের চেষ্টা এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত চার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সিফাতের বাবা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন রবিউজ্জামান সিফাত। এ সময় একটি ইজিবাইকে থাকা চার ব্যক্তি তাকে একটি মোবাইল নম্বর লেখা কাগজ দিয়ে নম্বরটি ফোনে তুলে দিতে বলেন। সিফাত বিষয়টি বুঝতে না পেরে নম্বরটি তুলতে গেলে কৌশলে তাকে ইজিবাইকে তুলে নেওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে ঘাড়ে ইনজেকশন দিলে তিনি অচেতন হয়ে পড়েন।

গভীর রাতে জ্ঞান ফিরলে অপহরণকারীরা সিফাতকে বাসায় ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপণ আনতে বলে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা মো. কামরুজ্জামান জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ থাকায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিফাত কৌশলে ওই স্থান থেকে পালিয়ে মেঘাহাটের মাতারামহাট এলাকায় একটি কাউন্টারে গিয়ে পরিবারের সদস্যদের ফোন করেন। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *