যত অঘটন, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বড় বড় অবৈধ কর্মকাণ্ডের নায়ক মাদক বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জে সরকারি ডিএন কলেজ ক্যাম্পাসে নবাবগঞ্জ কমিউনিটি পুলিশ আয়োজিত ভাড়াটিয়া ফরম বিতরণ ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, যে ব্যক্তি মাদক সেবন করেন, তিনি শুধু নিজেকেই ধ্বংস করছেন না, তার সঙ্গে তার পরিবারও ধ্বংস হচ্ছে। আর যারা মাদক বিক্রি করেন, তারা পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।
তিনি বলেন, আমি শুরু থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদকের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমার দলের কোনো নেতা-কর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তার জন্য ডাবল শাস্তি। প্রথমে দল থেকে বহিষ্কার করা হবে, এরপর আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত আছেন, সবাই মাদক ছেড়ে দিন। সমাজ ও দেশকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি বলেন, এই দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। ঢাকা জেলা হবে মাদকমুক্ত।
এ সময় নবাবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
