কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধোর করার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী প্রেস ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম কালাম। মামলার আসামিরা হচ্ছে মোঃ কামরুল ইসলাম (৩৫),এনামুল ইসলাম (২৫),সিরাজুল ইসলাম (২২),মোঃশিপন (৩৫) ও মোঃ শাহিন (৩৫)সহ আরও অজ্ঞাত নামা ১০-১২ জন। মামলার বাদী প্রেস ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম কালাম জানান, কেরানীগঞ্জের আতাশুর মুদ্রণ নগরীতে আমি একটি ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু করছি। এতে আসামি কামরুল ইসলামের নেতৃত্বে উক্ত আসামিগণ আমার নির্মাণাধীন ফ্যাক্টরি সামনে এসে আমাকে বলে তাদের কাছ থেকে নির্মাণ সামগ্রী নিতে হবে।
আমি যদি তাদের কাছ থেকে নির্মাণ সামগ্রী না নেই তাহলে প্রতিমাসে তাদেরকে এক লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে। উক্ত আসামীদের নির্মাণ সামগ্রী বাজারদরের চেয়ে উচ্চমূল্য হওয়ায় আমি অন্য জায়গা থেকে আমার ফ্যাক্টরির জন্য নির্মাণ সামগ্রী ক্রয় করি। এতে উত্তর আসামিগণ ক্ষিপ্ত হয়ে গত ১৬ই জুলাই সকাল সাড়ে দশটায় আরো ১০-১২ জন অজ্ঞাতনামা লোকজনসহ লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ফ্যাক্টরির সামনে এসে আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
আমি উক্ত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত করে। এ সময় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রেস ব্যবসায়ী শরিফুল আরো জানান, এই ঘটনায় থানায় মামলা করার পরে উক্ত আসামীরা আমাকে বিভিন্নভাবে উল্টো মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি-ধুমকি দিচ্ছে। এমনকি আসামিরা আমার নাকের ডগায় বুক ফুলে ঘোরাফেরা করছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল কুদ্দুসের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
