শ্রীনগরে পিকআপ থামিয়ে মারধর, ‘চায়না দোয়াইর’ ছিনতাই, থানায় অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পিকআপের গতিরোধ করে মালিককে মারধর এবং ‘চায়না দোয়াইর’ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার ভোরে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের রাঢ়ীখাল মিশনের সামনে শ্রীনগর-দোহার আন্তঃসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চায়না দোয়াইর কারখানার মালিক ও ভাগ্যকুল জনতা টেইলার্সের কর্ণধার আমির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মহসিন নামের এক ব্যবসায়ী ভাগ্যকুল ওয়াপদা সংলগ্ন জনতা কুটির শিল্প অ্যান্ড ওয়ার্কশপ থেকে প্রতি বস্তা ২০ হাজার টাকা দরে ১০ বস্তা চায়না দোয়াইর ক্রয় করেন। এসব মালামাল পিকআপে করে নিয়ে যাওয়ার পথে সকাল ৭টার দিকে রাঢ়ীখাল মিশনের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ৪-৫ জন দুর্বৃত্ত পিকআপের গতিরোধ করে।

এ সময় কয়কীর্ত্তন এলাকার সৌরভ (২৫) ও দামলা এলাকার শাহ আলমের ছেলে রাসেল (২৪)সহ অজ্ঞাত আরও কয়েকজন কাঠের লাঠি দিয়ে ব্যবসায়ী মহসিনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। পরে মহসিন প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পিকআপ থেকে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৪ বস্তা চায়না দোয়াই ছিনিয়ে নিয়ে অটোরিকশাযোগে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত মহসিন সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার সময় হামলাকারীরা একে অপরের নাম ধরে ডাকাডাকি শুনতে পেরেন মহসিহন। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *