র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারোর বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে!

নববাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে শিরোপা জিততে হলে সাধারণত একের পর এক শক্তিশালী প্রতিপক্ষের বাধা পেরোতে হয়। কিন্তু ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার পথ যেন সেই চেনা চিত্রের বাইরে। ফাইনালে উঠতে হলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫–এর একটি দলেরও মুখোমুখি নাও হতে হতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। আর সেই সম্ভাবনাই এখন ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল আলজেরিয়া (র‌্যাঙ্কিং ৩৩), অস্ট্রিয়া (২৩) ও জর্ডান (৬৩)। এরপর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোতে মিশরকে (৩২) হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। এখন তাদের সামনে সুইজারল্যান্ড, যাদের বর্তমান ফিফা র‌্যাঙ্কিং ১৯। অন্যদিকে সেমিফাইনালে ওঠার সমীকরণে যদি নরওয়ে ইংল্যান্ডকে বিদায় করে এবং আর্জেন্টিনাও নিজেদের ম্যাচ জিতে নেয়, তাহলে শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে ৩০তম স্থানে থাকা নরওয়ে। অর্থাৎ এই সমীকরণ মিললে ফাইনালে ওঠার আগে পর্যন্ত আর্জেন্টিনাকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫–এর কোনো দলের বিপক্ষেই খেলতে হবে না।

এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন, এটি নিছক ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক সমীকরণ। আবার অনেকে প্রশ্ন তুলছেন, সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সহজ পথ পেয়েই কি ফাইনালের দুয়ারে পৌঁছে যাচ্ছে আর্জেন্টিনা?

তবে ফুটবলের বাস্তবতা ভিন্ন কথাও বলে। র‌্যাঙ্কিং যতই কম হোক, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষই সহজ নয়। তার সবচেয়ে বড় প্রমাণ শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ। একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠতে হয়েছে তাদের।

পরিসংখ্যানও দেখাচ্ছে, এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ প্রতিপক্ষের গড় ফিফা র‌্যাঙ্কিং প্রায় ৪৪। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ ফাইনালের পথে এখনও পর্যন্ত শীর্ষ ২০-এর কোনো দলও তাদের সামনে আসেনি।

এখন দেখার বিষয়, সুইজারল্যান্ড ও সম্ভাব্য সেমিফাইনালের বাধা পেরিয়ে আর্জেন্টিনা সত্যিই যদি ফাইনালে পৌঁছে যায়, তাহলে ‘সহজ পথ’ নিয়ে চলা বিতর্ক আরও জোরালো হয় কি না। কারণ, বিশ্বকাপের ইতিহাসে শিরোপার মঞ্চে ওঠার আগে শীর্ষ ১৫–এর কোনো প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার ঘটনা খুবই বিরল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *