মো.রকিবুল হাসান বিশ্বাস(স্টাফ রিপোর্টার): ঢাকার জেলার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ এসোসিয়েশন (খাদ্যের জন্য ক্ষুধার্তদের সহায়তা সংস্থা) এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। শুক্রবার(৫ জুন) সকাল ১০ টার দিকে “প্লাস্টিক দূষণ বন্ধ করো – বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিবসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশ বিষয়ক আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরে উপস্থিত নারী-পুরুষদের মাঝে ২২৫টি শার্ট বিতরণ করা হয়।
এরপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ রক্ষার বিভিন্ন স্লোগান দেয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ আবুল হোসেন ক্লাবের তরুণ সদস্যরা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন।
পরে আরেকটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পুরো আয়োজন জুড়ে ছিল পরিবেশবান্ধব সমাজ গঠনের আহ্বান।
এফ এইচ এসোসিয়েশনের উন্নয়ন সহায়ক বাবুলাল হেমব্রম বলেন, “এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষকে পরিবেশ সম্পর্কে আরও সচেতন করতে চাই। প্রতিবছরই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এফ এইচ এসোসিয়েশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও পরিবেশবান্ধব কার্যক্রম হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অর্ধদিবসব্যাপী এই কর্মসূচি শেষ হয় পরিবেশ রক্ষার অঙ্গীকার ও সচেতনতামূলক স্লোগানের মধ্য দিয়ে।
