এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় শ্রীনগর উপজেলার ভূমি অফিস, শ্রীনগর সদরের উদ্যোগে স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান বলেন, ভূমিসেবা মেলা-২০২৬এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমিসংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। এতে হয়রানি কমবে, সময় ও খরচ সাশ্রয় হবে এবং জনগণ ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, ভূমিসংক্রান্ত সেবায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। জনগণকে এ বিষয়ে সচেতন করতে এবং সেবাগ্রহণে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাঃ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, কোষাদক্ষ মিঠু তালুকদার, ভুমি অফিসের কানুনগো,সার্ভেয়ার, বিভিন্ন ইউনিয়ন ভুমি কর্মকর্তাগণ।
