সিরাজদিখানে ৪ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : পরিবেশ আইন অমান্য করায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চারটি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার কুচিয়ামোড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে কুচিয়ামোড়া গ্রামের মামুন ব্রিকসকে ১ লাখ টাকা, হামিদ ব্রিকসকে ১ লাখ টাকা, নাসির ব্রিকসকে ৩ লাখ টাকা এবং বাংলাদেশ কদমতলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *