ঢাকার দোহার উপজেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে ।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ্, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান, বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শামিমা ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই দেশের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। এজন্য তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার বিকল্প নেই। এসময় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে শিক্ষার্থীদের আরও আগ্রহী হওয়ার আহবান জানান তারা।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করে। পরে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
