‎মোংলা বন্দরের পরিবর্তন আনা হবে আগামী ৬ মাসের মধ্যে : নৌ পরিবহনমন্ত্রী

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি: ‎আগামী ছয় মাসের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

‎নৌ পরিবহনমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক বাণিজ্য এই বন্দরের গুরুত্ব বিবেচনায় কিছু সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্দর উন্নয়নে কার্যক্রম শুরু করা হবে, যা এই অঞ্চলের মানুষ, কর্মসংস্থান, যোগাযোগ এবং অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।
‎শেখ রবিউল আলম বলেন, অল্প কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের মতো দ্রুত সময়ে সফল এবং পুরোপুরি সক্ষম বন্দরে প্রতিষ্ঠিত হবে।

‎উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের যে সম্ভাবনা আছে তার শতভাগ ব্যবহার করে এই বন্দরকে প্রস্তুত করা হবে।

‎মোংলা বন্দরের সঙ্গে প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের বাতিল বা স্থগিত হওয়া উন্নয়ন চুক্তি আবার চালু করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সেসব পুনর্বিবেচনা করা হবে। তবে যেসব চুক্তিতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই চুক্তি আবার করা যাবে কিনা সেটিও ভেবে দেখা হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *