নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় হোম কোয়ারেন্টাইন পালন না করায় রবিউল ইসলাম মিঠু নামে এক ইতালি প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র । পরে হোম কোয়ারেন্টাইন শেষ না হওয়া পর্যন্ত বাড়িটি লক ডাউন করে দেওয়া হয়। রবিউল ইসলাম মিঠু নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের শাজাহান খানের ছেলে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, সেনা বাহিনী ও পুলিশ প্রশাসন যৌথভাবে জনসচেতনতা ও হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষন মাঠে নামেন। এসময় হোম কোয়ারেন্টাইন পালন না করায় রবিউল ইসলাম মিঠু নামে ইতালি প্রবাসী ঐ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
