কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,অন্তরপতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। ফেব্রুয়ারির এই নির্বাচন কেউ রুখতে পারবে না। কেউ নির্বাচন বানচাল করতে আসলে জনগণই সেটা রুখে দেবে। আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন।ভোটের ফলাফল না নিয়ে কেউ ভোটকেন্দ্র থেকে বের হবেন না। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ায় আসামদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ বছর পর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সারাদেশে বিএনপি’র জোয়ার চলছে। একটি রাজনৈতিক দল জনগণকে বলছে তাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কে জান্নাতে যাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। যারা নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র করছে তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। একটি প্রতিবেশী দেশ তাদেরকে যা শিখিয়ে দেয় তারা দেশে এসে সেটাই প্রচার করেন। বাংলাদেশে গণতন্ত্র এনেছেন বেগম খালেদা জিয়া। জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র – জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটি হবে বেগম খালেদা জিয়ার সরকার তারেক রহমানের সরকার জাতীয় সরকার। কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মডেল থানা বিএনপি’র সহ-সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, বিএনপি নেতা দাউদ শিকদার ও মুস্তাফিজুর রহমান পলাশ সহ অন্যান্যরা।
