কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় তিনজনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
জখমকৃতরা হচ্ছে মোহাম্মদ রাজা (৩০),মোঃ আশিক (১৮) ও আব্দুস সালাম (৬৫)। জখমকৃতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতাল সহ অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম ভাগনা হিজতলা গ্রামে রোববার রাতে ।
পশ্চিম ভাগনা হিজুলতলা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান জানান, পশ্চিম ভাগনা হিজলতলা গ্রামের মোঃ জসিম রাতে উচ্চ শব্দে মেশিন দিয়ে একটি ডোবার পানি সেচের কাজ করছিলেন। এ সময় একই এলাকার আব্দুস সালাম রাতের বেলা উচ্চ শব্দে মেশিন দিয়ে সেচের কাজ না করার জন্য জসিমকে বলে। এই ঘটনাকে কেন্দ্র করে জসিমের লোকজন তাকে বেদম মারধর করে। এতে এলাকার মোঃ রাজা ও আশিকসহ কয়েকজন যুবক প্রতিবাদ করে। এই ঘটনার জেড় ধরে জসিমের নেতৃত্বে ১০-১৫ জন লোক তাদের উপরও অতর্কিত হামলা চালায় এবং তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
