বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগ

ঢাকার দোহারে বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ আরিফের বিরুদ্ধে ভূমিদস্যু আখ্যায়িত করে ভূমি দখল, জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভূক্তভোগীরা।
সোমবার দুপুরে উপজেলার কালেমা চত্বরে বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামের ৫নং ওয়ার্ডের অর্ধশতাধিক ভূক্তভোগী পরিবার জাল দলিল ও প্রতারণার শিকার হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।
ভূক্তভোগীরা জানান, প্রবাসী অধ্যুষিত দোহার উপজেলা ও প্রথম শ্রেণির একটি পৌরসভা রয়েছে। জীবন মান উন্নত হওয়ায় এ উপজেলার আশপাশ এলাকায় জমি কেনায় রয়েছে ব্যাপক চাহিদা। সে সুযোগ কাজে লাগিয়ে সম্পত্তি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে ভূমিদস্যু শেখ আরিফের নেতৃত্বে সংঘবদ্ধ চক্র। জাল দলিলের জালিয়াতিতে ৪০/৫০ বছরেরও বেশি সময় ধরে ভোগ দখলে থাকা জমির মালিকরাও আজ দিশেহারা।
ভূক্তভোগী তাপস শেখ অভিযোগ করে জানান, বাপ-দাদার বসত বাড়ি বহুবছর ধরে বসবাস করে আসছি। সেই বাড়ি জাল দলিল তৈরি করে তাদের জমি দাবি করে উচ্ছেদের জন্য হুমকি-ধামকি দিচ্ছে। আমরা প্রতারণার শিকার। তার শাস্তি চাই।
রাধানগর গ্রামের কাশেম শিকদার বলেন, আসল জমির মালিককে অন্ধকারে রেখে একজনের জমি নিজের নামে রেজিস্ট্রি করে আমাদের পথে বসিয়ে দিচ্ছে ভূমিদস্যু শেখ আরিফ ও তার সংঘবদ্ধ চক্র।
প্রতিকার চেয়ে দোহার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
দোহার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম বলেন, অভিযোগ পেয়েছি। দোহার থানা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *