ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকায় একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম সুচিত্রা সরকার। তিনি গাবিন্দপুর এলাকার রামচন্দ্র মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজাতে মেয়ে জামাই বাড়িতে আসবে বলে রবিবার সকালে বাজারে যান গৃহবধূ সুচিত্রা সরকার। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এদিকে সুচিত্রা সরকারকে খুঁজে না পেয়ে ওই দিনই তার স্বামী রামচন্দ্র মন্ডল নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার দুপুরে সুচিত্রার বাড়ি কাছে দুর্গা মন্দির সংলগ্ন একটি পুকুরে কচুরিপানার মধ্যে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী নবাবগঞ্জ থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করেন। নিখোঁজের দুইদিন পর লাশ পেয়ে পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, লাশটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তার শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার ধরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
