সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিচারের পক্ষ ভেবে ব্যাবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক আতিকুর রহমান বাপ্পি (৩২) ও তার ভাই এমএ মোহাইমেন (৩৮) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে রাজানগর ইউনিয়নের মির্জাকান্দা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ নামের এক কৃষক মির্জাকান্দা বাজারের কুড়া ভুষির ব্যাবসায়ী বিনয় দাসের থেকে প্রায় ৫০হাজার টাকা বাকি নেয়। এই পাওনা টাকা নিয়ে গত সোমবার তাদের মাঝে কথা কাটাকাটি হলে বিনয় দাস ও তার ছেলে আরিফকে মারধর করে। এই নিয়ে একটি পক্ষ গত বুধবার গ্রাম সালিশির মাধ্যমে বিচার করে দেয়। তবে বিচারের রায় আরিফ না মানলে তাকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে সালিসদাররা। এ নিয়ে দুইদিন কেটে গেলে সালিশদার ও প্রতিপক্ষ একই বাজারে ব্যবসায়ী আতিকুর রহমান বাপ্পিকে দোষারোপ করতে থাকে। পরে শুক্রবার রাতে প্রতিপক্ষ সদল বলে এসে আতিকুর রহমান বাপ্পি ও তার ভাইকে হাতুড়িপেটাসহ বেধড়ক পাথর করে রক্তাক্ত জখম করে।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিপক্ষের সাথে সালিশ বৈঠকের পর থেকে বিরোধ চলছিল। তারই জের ধরে স্থানীয় মান্নান (৫০), রায়হান (২৫), শহীদ (২৭), লিছান (২৪), আসাদুর (২৮)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে ঢুকে হামলা চালায়। এসময় হামলাকারীরা দোকান ভাঙচুর করে চার লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং দেড় লাখ টাকার মালামাল নষ্ট করে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মান্নান হাতুড়ি দিয়ে দোকান মালিক আতিকুর রহমান বাপ্পির মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় রায়হানও হাতুড়ি দিয়ে মোহাইমেনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আতিকুর রহমান বাপ্পি জানান, সে তার চালের দোকানে বসেছিল। হঠাৎ ৪০/৫০ জনে একটি সন্ত্রাসী গ্রুপ তার দোকানে ঢুকে তাদের উপর হামলা চালায়। এ সময় তাকে ও তার বড় ভাইকে সন্ত্রাসীরা হাতুড়িপেটা করে। পরে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় তিনি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক বলেন, এ বিষয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
