মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। রবিবার (১২ রবিউল আউয়াল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। প্রধান আলোচক ছিলেন ইসলামী ফাউন্ডেশন ভূরুঙ্গামারীর ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক।
এসময় আরও বক্তব্য রাখেন পার্বতীপুর জামে মসজিদের খতিব মাওলানা আশফকুর রহমান জাওহারি, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক ফারুকী, বিএনপি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাখওয়াত হোসেন তৌহিদ, জামায়াতে ইসলামী উপজেলা আমির আনোয়ার হোসেন, UPETC ইন্সট্রাক্টর আতিকুর রহমান এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার পথ দেখায়। তাঁর সিরাত অবলম্বন করলে দ্বন্দ্ব, সংঘাত ও বৈষম্য দূর হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।
এছাড়া মসজিদে খুতবার পাশাপাশি মাদক নির্মূলসহ সামাজিক বিভিন্ন অসংগতি নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নেতা নির্বাচনে একজন আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিকে নির্ধারণ করার প্রয়োজনীয়তাও বক্তারা উল্লেখ করেন। জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ভূরুঙ্গামারী বায়তুল আমান (কোর্ট) জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম। সঞ্চালনা করেন মোহাম্মদ খোরশেদ আলম, রোভার। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
