কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এমন স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। সোমবার বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ধামরাই উপজেলাকে। বিজয়ী দলের হয়ে হিমেল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যান অব দি ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।
এর আগে কেরানীগঞ্জ উপজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে দুই রাউন্ডের সেমিফাইনালে সাভার উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।আর দ্বিতীয় সেমিফাইনালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল মাঠে দোহার উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করেছিল ধামরাই উপজেলা । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার , ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিবসহ অনেকে
