কেরানীগঞ্জ প্রতিনিধিঃ একাত্তরের পরাজিত শক্তির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করা হয়েছে, সেই ভুল আজও স্বীকার করা হয়নি। আমরা রাজনৈতিকভাবে ক্ষমা করেছি, কিন্তু জাতি এখনও তাদের ভুলে যায়নি। আজ রোববার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের নাজিরপুর মাঠে ঢাকা জেলা কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর আরো বলেন,রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা নৈতিক ও রাজনৈতিকভাবে অপরাধ। ধর্ম কারও একক মালিকানা নয়—ধর্ম মানুষের আত্মিক সম্পদ, তা দিয়ে ভোটের ব্যবসা চলতে পারে না।
তিনি বলেন, আজ যারা ধর্মের নাম করে রাজনীতিতে আসছেন, তারা একসময় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ৭১-এর যে কাজ অসমাপ্ত ছিল, তা যদি আবার শুরুর চেষ্টা হয়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না। বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, সব ধর্মের মানুষ যাতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই রাজনীতির দায়িত্ব। জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে।
ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু। ঢাকা জেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন বিএনপির সদস্য ইসমাইল মোল্লা, ছাত্রদল নেতা খলিল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা
রানা আহম্মেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
