দোহারে চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে চলছে অসামাজিক কর্মকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার বিভিন্ন মিনি চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে চলছে অসামাজিক কর্মকাণ্ড। ছোট ছোট কেবিন তৈরি করে উপজেলার জয়পাড়া বাজার ও এর আশেপাশের কয়েকটি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মিনি চাইনিজ রেস্টুরেন্ট। এদের অনেকের নেই বৈধ লাইসেন্স। ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এসব চাইনিজ ও রেস্টুরেন্টের প্রধান আয় আগতদের কাছে থেকে পাওয়া ‘ওয়েটিং বিল’। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ক্লাস চলাকালীন ‘ওয়েটিংয়ের’ নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। বিশেষ করে দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়ায় গজিয়ে ওঠা কয়েকটি মিনি চাইনিজ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে চলছে এসব কর্মকাণ্ড। এসবের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার সাহস করেন না কেউ। অনুসন্ধানে জানা গেছে, জয়পাড়ায় গড়ে উঠা কয়েকটি চাইনিজ বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন হলেও ভিতরে কী আছে তার খবর কেউ রাখে না। বেশিরভাগ চাইনিজের ও রেস্টুরেন্টের ভিতরে ছোট ছোট কেবিন তৈরি করা। বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে, এসবের ভিতরে কি আছে। অনুসন্ধানে বেশকিছু অনৈতিক কর্মকাণ্ডের ছবি ধরা পরে প্রতিবেদকের ক্যামেরায়।

কয়েকটি মিনি চাইনিজে গিয়ে দেখা যায়, টেবিল সামনে সাজানো থাকলেও একটি স্থানে চারিদিকে আটকানো কাপড়। জয়পাড়ার বেশিরভাগ চাইনিজে প্রতিনিয়ত অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে জানান আশেপাশের বেশ কয়েকজন। তারা জানান আবদ্ধ রুমে আলো-আঁধারে স্পষ্ট কিছু দেখা যায় না।

আশেপাশের গড়ে উঠা আরও কয়েকটি চাইনিজের পাশের ব্যবসায়ীরা জানান, এখানে খাওয়ার চেয়ে ‘ওয়েটিং’ বিলটাই মুখ্য। এমন আরও বেশ কয়েকটি চাইনিজ রয়েছে শুধুমাত্র জয়পাড়াতেই। শুধু জয়পাড়া নয় এখন নবাবগঞ্জের চালনাই চকসহ আশেপাশে গড়ে উঠেছে এমন আবদ্ধ রুম বিশিষ্ট চাইনিজ। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় উপজেলা আইনৃঙ্খলা মিটিংয়ে। সেখানে কয়েকটি অনিয়মসহ চাইনিজগুলোর ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে উঠে আশে।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, আমরা এর আগেও এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেছি। যেহেতু সামনে রমজান মাস শীঘ্রই আরও অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড ও বৈধ লাইসেন্স ছাড়া কেউ চাইনিজ পরিচলনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *