নবাবগঞ্জে জুলাই-আগস্টে আহত ও নিহত শহীদদের স্মরণে সভা

 কাজী সোহেল:  জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।  মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়। ছাত্র আন্দোলনে নিহত হয়েছিল নবাবগঞ্জের চুড়াইনের রাকিব। এসময় নিহতের মা সুইটি বেগম স্মরণ সভায় উপস্থিত হয়ে ছেলের স্মৃতিচারণ করে বলেন, তার তিন ছেলে, বড় ছেলে প্রবাসী, রাকিব মেজো। রাকিব পড়াশোনার পাশাপাশি কাজ করে সংসার চালাতেন। রাকিব মারা যাওয়ার পর অনেকটা কষ্টে জীবনযাপন করছেন তিনি। ছোট ছেলে পড়াশোনা করেন। ছাত্র আন্দোলনে গিয়ে আহত হওয়া শাকিল নামে এক শিক্ষার্থী জানান, জুলাইয়ের ১৯তারিখে নবাবগঞ্জে একটি মিছিল করার চেষ্টা করি। রাতে গ্রুপে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়ার আগেই এ খবর বাহিরে ছড়িয়ে যায়। পরদিন কর্মসূচি ওই সময়ে না করে কৌশল অবলম্বন করে অন্য সময়ে মিছিল বের করার চেষ্টা করি। মুক্তি ক্লিনিকের নিচে কিছু শিক্ষার্থী জড়ো হলে পুলিশ ধাওয়া করে। এরপর আমরা দোহারে মিছিলে অংশ নিলে সেখানে ছাত্রলীগের কর্মীরা আমাদের উপর হামলা চালায়।
নবাবগঞ্জের নয়নশ্রী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, আমার মেয়ে উম্মে হাফছা ইসলাম। মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। জুলাইয়ের ১৮তারিখে আমার মেয়ে মানিকগঞ্জ শহরে ছাত্র আন্দোলনে গিয়ে আহত হয়। এরপর নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেয়।
উপজেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। ছাত্র আন্দোলনে আহত ও নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম শাখাওয়াত হোসেন, কৃষি কর্মকর্তা আসমা জাহান, শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, খাদ্য কর্মকর্তা হাফসা হাই, চুড়াইনের প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান লিটন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *