স্টাফ রিপোর্টারঃ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দোহার ও শ্রীনগর উপজেলার প্রায় ৯১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে এক ঝাঁক তরুণ মেধাবীদের গড়া সংগঠন “প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম”। আজ সকাল ১১টায় পদ্মা সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক ও অত্র সংগঠনের আহবায়ক নূর হোসেন আকন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.কবিরুল বাশার কৃতি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, বিশ্বের দরবারে আমাদের যে ভাবমূর্তি ছিল তা গুটি কয়েক অবৈধভাবে পাড়ি দেয়া প্রবাসীর কারণে ক্ষূন্ন হয়েছে, সেই ভাবমূর্তি একমাত্র তোমরাই ফিরিয়ে আনতে পারো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পাড়া কলেজের অন্যতম দাতা ও প্রতিষ্ঠাতা আনোয়ার সফি (ইভু) চৌধুরী, জয়পাড়া কলেজের অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এমারত হোসেন, গ্রীন এনভাইরনমেন্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক মোঃ আতিকুর রহমান, নারিশা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা ও দোহার অর্গানিক এগ্রোর অন্যতম প্রতিষ্ঠাতা রাজীব শরীফ, পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শামীম উসমান, ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সংকর কুমার,অত্র সংগঠনের সাবেক ও বর্তমান সভাপতি ও সেক্রেটারিবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবাগত কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন বলেন, দোহার ও শ্রীনগরে অদূর ভবিষ্যতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাতে চান্স পেতে পারে সেই ধরনের সহযোগিতা ও মোটিভেশনাল প্রোগ্রাম হাতে নেয়া নেয়া হবে। অনুষ্ঠানে দোহার অর্গানিক এগ্রোর পক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করেন রাজীব শরীফ এবং প্রমায়ণের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও চাবির রিং উপহার দেয়া হয়।
