দোহারে ভূমি অফিসে অভিযান : ৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার দোহার উপজেলায় দীর্ঘদিন ধরে ভূমি অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ও হয়রানি, সরকারি সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের দায়ে ৭ জন কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বেলা সাড়ে ১১ টায় দোহার উপজেলার কুসুমহাটি ও দোহার সদর ইউনিয়ন ভূমি অফিসে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার উপজেলার কুসুমহাটি ও দোহার সদর ইউনিয়ন ভূমি অফিসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধ ও দালালদের দৌরাত্ম্য রোধে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূমি অফিসে অবস্থানরত দালাল চক্রের ৭ সদস্য হাতেনাতে ধরা পড়ায় তাদেরকে দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ও হয়রানি, সরকারি সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের জন্য দণ্ডবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ৭ জনের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে সরকারি অফিসে সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে সেবা প্রদান নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য নির্মূলে দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *