আব্দুল রাহিম : ঢাকার দোহার উপজেলায় দোহার অর্গানিক এগ্রোর উদ্যোগে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী উপজেলার জয়পাড়া কলেজে এ উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
মেলা প্রসঙ্গে আয়োজকরা জানান, ‘দেশের পিঠার ঐতিহ্য ধরে রাখতে এ মেলার আয়োজন। এছাড়াও উদ্যোক্তাদের এক ছাদের নিচে নিয়ে আসা, যাতে তারা তাদের নিজস্ব পণ্যের প্রচার ও প্রসার ভালো মতো করতে পারেন। এরকম মেলা যেকোনো তরুণ উদ্যোক্তার জন্য একটি ভালো প্ল্যাটফর্ম।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া। ‘দোহার অর্গানিক এগ্রো’ এর এডমিন রাজিব শরিফের সঞ্চালনায় ও এডমিন নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার মৃধা, জয়পাড়া কলেজের অধক্ষ্য সিদ্দিকুর রহমান, পাপেল মাহমুদ নিজাম, শাহাদাত হোসেন, জয়পাড়া কলেজের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ দোহার অর্গানিকের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন অর্গানিক পদ্ধতিতে রাসায়নিক মুক্ত উৎপাদিত শাক সবজিসহ পিঠার স্টলে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করতে দেখা যায়। স্টল গুলোতেও ছিলো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভীড়। এসময় আমন্ত্রিত অতিথিরা এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান তারা।
