কেরানীগঞ্জে ৩হাজার কেজি জাটকা জব্দ : ৪ জনের জরিমানা

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ৩হাজার কেজি বিক্রি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ এবং ৪ জনকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় শরীয়তপুর সুপার সার্ভিস নামে একটি বাস থেকে এই জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ইলিশের বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের ধলেশ্বরী টোল প্লাজায় এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামে একটি বাসে অভিযান চালানো হয়।

এ সময় ওই বাস থেকে বিক্রি নিষিদ্ধ ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে আসাদ বেপারী, নান্নু চৌকিদার, সাগর হোসেন ও আলী হোসেন নামে এই চার জন মাছ ব্যবসায়ীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *