দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: শেখ হাসিনা জানে তার পতন নিশ্চিত তাই রাষ্ট্রকে কব্জা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি করে আটকে রেখেছে। সোমবার সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত শান্তি ও বিক্ষোভ মিছিল শেষে নবাবগঞ্জ উপজেলার মাঝির কান্দা এলাকায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ কথা বলেন।
বিএনপি পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বিকাল ৩টায় দোহার উপজেলার বাশতলা এলাকায় অস্থায়ী স্টেজে বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে নেতা কর্মীরা দীর্ঘ প্রায় ৮ কিলোমিটার পায়ে হেটে মাঝির কান্দা এলাকায় গিয়ে পথসভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।
রিজভি বলেন, আমরা জানি শেখ হাসিনার উপদেষ্টা মন্ডলীর সবাইকে নিয়ে অনেক মিটিং করে। মিটিংএ সব উপদেষ্টাকে দেখতে পাই কিন্তু শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা জয়কে তো দেখি না। এর কারণ কি? এর একটাই কারণ আওয়ামী লীগের পতন নিশ্চিত।
সাবেক ডাকসুর এই ভিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তবের পাল্টা জবাব দিয়ে বলেন, আপনি বলছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে। আসলে তলে তলে কিছুই ঠিক হয়নি। আবার বলছেন, দিল্লি আপনাদের পক্ষে আছে। এসব কথা বলে কি বুঝাতে চান? দিল্লিকে আপনাদের দরকার, বাংলাদেশের জনগনকে আপনাদের দরকার নাই তাই তো। মনে রাখবেন বাংলাদেশের মানুষ আর বোকা নেই। আপনাদের এসব কারসাজি, তলে তলে নির্বাচন,। দেশের জনগণ আর মেনে নিবে না।
সিনিয়র মহাসচিব বলেন, শেখ হাসিনা আপনি নাকি সব বন্ধ করে দিবেন। আপনি বন্ধ করার কে? আমরা মহান আল্লাহর রাজত্বে বিশ্বাসী। বিদ্যুৎ, পানি সব কি আপনার? আপনি তো সব আগেই বন্ধ করে দিয়েছেন। আপনি আমাদের মিটিং, মিছিল, বাকস্বাধীনতা সব বন্ধ করে দিয়েছেন এখন কি নিশ্বাসও বন্ধ করে দিতে চান নাকি?
এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় রিজভি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরশর্ত মুক্তির দাবি করে সরকারকে আলটিমেটাম দেন। অনুষ্ঠানে জেলা উপজেলা ও বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
