কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধ : ঢাকার কেরানীগঞ্জে ৫বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ নিজাম উদ্দিন মিয়া (৪৫)। তাকে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর আলিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাবের মিডিয়া সেল আজ মঙ্গলবার বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
র্যাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-১০ এর একটি আভিযানিক দল সোমবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের বাঘৈর আলীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাল-জালিয়াতির মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিজাম উদ্দিন মিয়াকে গ্রেপ্তার করে। তার বাবার নাম মৃত হাফিজ উদ্দিন মিয়া। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
