কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে ঢাকার প্রবেশপথে চেক পোস্ট ও বেরিকেট বসিয়ে পুলিশের ব্যাপক তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে। এ সময় ২০-২৫ জনকে আটক করে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই হাসনাবাদে বুড়িগঙ্গা প্রথম সেতুর দক্ষিণ প্রান্তে, কদমতলী গোল চত্তরে বাবুবাজার সেতুর দক্ষিণ প্রান্তে এবং ঘাটার চরে বসিলা সেতুর দক্ষিণ প্রান্তে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়ন করে এ কার্যক্রম পরিচালনা করে ।
এদিকে ঢাকা-মাওয়া ও জিনজিরা- নবাবগঞ্জ – দোহার সড়কে সকল প্রকার যানবাহন সকাল থেকেই চলাচল বন্ধ ছিল। মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলা থেকে বিভিন্ন পথে আসা মানুষজন ঢাকায় প্রবেশ করতে চাইলে তাদের মোবাইল ও সাথে থাকা কাগজপত্র চেক করেই কিছু কিছু মানুষকে ঢুকতে দিয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করে। একদিকে পুলিশের চেকপোস্ট অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার কারণে বিএনপি নেতাকর্মীরা মিছিল করে সমাবেশে আসতে পারেনি।
এবিষয়ে ভুক্তভোগীরা জানিয়েছেন, বিএনপির এই মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতেই পুলিশ তিনটি সেতুর প্রবেশ মুখে চেকপোস্ট ও ব্যারিকেট বসিয়েছে।
