কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘোরিয়া এলাকায় ভেকু বহনকারী একটি লরির সাথে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ পাঁচজন আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন,সিএনজি চালক মো.তমাল,যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ,নাহিদ হোসেন ফাহিম,মো.সামাদ। চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত আরও এক যুবকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাত সোয়া বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘোরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। নারায়নগঞ্জ জোনের হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার অমৃত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, লরিটি তেঘোরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়।
এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। ঘাতক লরিটিকে জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়।
