ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলাসহ ২১৯ টি ইউনিয়ন পরিষদের ভোট আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ষষ্ঠ ধাপে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
এর আগে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।
৬ষ্ঠ ধাপে নবাবগঞ্জের ১৩ টি ইউনিয়নে এবং দোহারের নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর, নারিশা ও মুকসুদপুর এই ৫টি ইউনিয়নে নির্বাচন হবে। তবে দোহারের রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর এবং নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নসহ মোট ১০৬টি ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে- তা কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।
