সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে হাসিনা বেগম (৩৫) নামের এক গার্মেন্টস কর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিন্নাডাঙ্গী এ্যসয়ার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মিলনপুর গ্রামের মোস্তফার স্ত্রী। তিনি সাভারস্থ হেমায়েতপুর তেঁতুলঝোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সাভারস্থ তেঁতুলঝোড়া ভাড়া বাসা থেকে উপজেলার বিন্নাডাঙ্গী এলাকায় চাকুরির সুবাধে গার্মেন্টসে রওনা দেন হাসিনা বেগম। গার্মেন্টসের কাছে এসে রোড পারাপারের সময় হঠাৎ পিছন দিক থেকে অটোরিকসা এসে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। ফলে সে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
এব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
