কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র বেদে সম্প্রদায়ের লোকজনের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রায় ২০০ টি অসহায় দুঃস্থ ও বেদে পরিবারে মাঝে এ সহায়তা প্রদান করেন (সিদীপ) সংস্থাটি।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীঞ্জের শুভাঢ্যা, তেঘুরিয়া ও আব্দুল্লাপুর এলাকায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের ঘরে ঘরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশানার (ভূমি) মো. ইকবাল হাসান এ সহায়তা পৌছে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিদীপ এর ডিস্ট্রিক ম্যানেজার মো. আব্দুস সামাদ, এরিয়া ম্যানেজার মো. এনামুল হক এবং সিদীপ এর ভারপ্রাপ্ত ম্যানেজার মো. বাহার আলী ও আরও অনেক সহকর্মী।
বিতরণকৃত ত্রাণের প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, লবন ও স্বাস্থ্য সুরক্ষা সামাগ্রী ।
ত্রাণ সহায়তা পেয়ে বেদে সম্প্রদায়ের মো. ইরেজ্জল বলেন, লকডাউনের আগে একটা কারখানায় কাজ করতাম। সেখানে যা টাকা পেতাম তাতে কোনোরকম চলতাম। কিন্তু লকডাউনের কারণে আমাদের এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হতো। তাই করুন অবস্থার মধ্যে আছি। কেউ কোনো সহায়তা নিয়ে আমাদের পাশে দাঁড়ায় নাই। আজকের এই বিপদের দিনে উপজেলা নির্বাহী অফিসার আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাই ত্রাণ পেয়ে আমার অনেক খুশী।
সহায়তা পেয়েছেন পপি নামে এক নারী বলেন, আমার ঘরে কাজ করার মতো বেটা নাই। আমাগো কেউ বাসা বাড়িতে কাজে নেয় না। মানুষের কাছে হাত পেতে যা সাহায্য পেতাম তা দিয়েই কোনোরকম খেতাম। কিন্তু লকডাউনের কারণে ঘর থেকেও বের হতে পারিনি। আমি খুব অসুস্থ, আমার শরীরটা ভালো না। তাই চলতেও অনেক কষ্ট হয়। এই খাবার পাইয়া আমি অনেক খুশী হইছি। আমার অনেক উপকার হইছে। আল্লাহ স্যারদের ভালো করুক।
