ডেস্ক রিপোর্ট : ভোর থেকেই একটানা বৃষ্টি ঝরছে রাজধানী ঢাকাতে। শুক্রবার (২ জুলাই) ভোরে শুরু হওয়া বৃষ্টিতে ডুবে গেছে অনেক নিচু সড়ক। তবে করোনার কারণে লকডাউন এবং সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় তেমন একটা ভোগান্তিতে পড়তে হয়নি রাজধানীবাসীকে। পথে মানুষের উপস্থিতিও ছিল খুবই নগণ্য।
এদিকে নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এসবের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
