সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেড় ধরে নাসির উদ্দিন (২৭) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড নিহতের বাড়ির সামনে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত-নাসির উদ্দিন ঐ এলাকার মো. ইসহাক মিয়ার পুত্র । তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।
হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতেই ২ জনকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃতরা হলেন একই এলাকার মৃত. কালা মিয়ার ছেলে জাফর (২৭) ও মৃত. আকি মিয়ার ছেলে তোতা মিয়া (৫০)। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের বড় ভাই মো. বশির উদ্দিন আহমেদ ১৬ জন আসামী করে থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছেন।
এলাকাবাসি সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ঐ গ্রামের হাজি সফর ও নাসির উদ্দিনের পরিবারের মধ্যে সামান্য মারামারি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে প্রতিপক্ষ হাজি সফরের পরিবারের ১০-১২ জন পরিকল্পিতভাবে নাসির ও তার দু‘ভাই-এরশাদ এবং বছিরের ওপর হামলা করে। এ সময় হাজি সফরের ছেলে লাবু চাইনিস কুড়াল দিয়ে নাসিরকে কুপিয়ে আহত করে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশের খাদে ফেলে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই সময় নাসিরের পরিবারের লোকজনের হামলায় ঘটনার মূল অভিযুক্ত লাবু আহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাকেও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক, ওসি সফিকুল ইসলাম মোল্লা ও ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা বলেন- হত্যা মামলা হয়েছে। আসামীদের মধ্যে ১ জন হাসপাতালে এবং ২ জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।
