সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে আবুল হোসেন (২০) নামের এক যুবক আম গাছের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (০৫ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর গোলাইডাঙ্গা (মগড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই এলাকার জবেদালীর পুত্র। মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় সিংগাইর থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
নিহতের বড় ভাই মিলন জানান, সোমবার দিনগত রাত ৯টার দিকে আমার ছোট ভাই আবুল কে বাড়িতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকি। এক পর্যায় বাড়ি সংলগ্ন দক্ষিণ পাশে আম গাছের নিচে পায়ের জুতা দেখতে পেয়ে ওপরে দিকে তাকালে গাছের সাথে ফাঁস নিয়ে ঝুলতে দেখি। আমার ডাকচিৎসারে বাড়ির লোকজনসহ আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে রশি খুলে ঝুঁলন্ত লাশ নিচে নামাই। থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্নহত্যার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার (ওসি) মো. আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এব্যাপারে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
