স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। সচেতন কিশোরী, সচেতন অভিভাবক, সচেতন সমাজ, সচেতন শিক্ষক-শিক্ষিকা সবার সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যারত্নদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। কেননা, একজন সুস্থ মা-ই পারেন একটি সুস্থ জাতি উপহার দিতে। আর, আজকের সুস্থ কন্যাশিশুই ভবিষ্যতের
সুস্থ মা। এক্ষেত্রে, পঞ্চগড় জেলা প্রশাসনের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ মডেলটি কন্যারত্নদের উন্নয়ন নিশ্চিত করবে বলে উল্লেখ করেন স্পিকার।মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার পঞ্চগড় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ হিসেবে ‘আমাদের অ্যাম্বাসেডর, আমাদের কন্যারত্ন’ মডেল আয়োজিত ‘প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অনলাইন সচেতনতা ক্যাম্পেইন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল হক প্রধান, ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রি-প্রেজেন্টেটিভ ড. আশা টর্কেলসন,
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর ও মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা যুক্ত ছিলেন।
