বাবা হলেন মিরাজ

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বাবা হয়েছেন। মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতির ঘর আলোকিত করে এসেছে পুত্র সন্তান।

শনিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মিরাজের স্ত্রীর ডেলিভারী হয়। জাতীয় দলের স্পিন অলরাউন্ডার জানিয়েছেন স্ত্রী ও সদ্যজাত সন্তান দুজনেই ভালো আছেন। নবজাতকের আগমনে উচ্ছ্বসিত মিরাজ।

রাইজিংবিডিকে মুঠোফোনে বলেন, ‘দারুণ অনুভূতি। আল্লাহর অশেষ রহমতে সন্তান এবং তার মা দুজনই সুস্থ আছে। খুব ভয়ে ছিলাম। করোনার সময় যাচ্ছে। তাই ভয়টা বেশি ছিল। আপনাদের দোয়া একান্ত কাম্য।’

সন্তানসহ পরিবারের জন্য সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার।

২০১৯ সালের ২১ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন মিরাজ ও প্রীতি। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক পরিণয় পায় বিয়ের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *